শনিবার দুপুর ২টার দিকে রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পরীমালা চাকমা এবং গৌরিমালা চাকমা। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দুপুরে ভেদভেদী এলাকা দিয়ে বেপরোয়াভাবে যাচ্ছিল। ঐ পথে একটি অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরো চারজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
.png)
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর জানান, এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আর চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজনকে চট্টগ্রামে পাঠানো হয়।
এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, যাত্রীবাহী বাসটি সজোরে এসে দাঁড়ানো একটি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চারজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসচালক এবং হেলপারকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।