বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পাথরাইল কুড়িপাড়া গ্রামের মৃত পরেশ চন্দ্রের ছেলে মহাদেব চন্দ্র, বাগজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হেনা আক্তার, একই গ্রামের মনসুর আলীর স্ত্রী মালেকা বেগম ও ভাটবাউর গ্রামের মোতালেবের ছেলে লেগুনা চালক মো. জাহিদ হাসান।
.png)
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে আরিচা থেকে ৯ জন যাত্রী নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল লেগুনাটি। এ সময় ভাটবাউর এলাকায় লেগুনা থেকে তিনজন যাত্রী নেমে যান। ওই পেছন থেকে আকিজ টেক্সটাইলের স্টাফ বাসটি লেগুনাটিকে ধাক্কা দেয়। এ সময় লেগুনাটি রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক জাহিদ হোসেনসহ চারজন নিহত হন।
দুর্ঘটনায় ঘিওর উপজেলার তরা এলাকার নাসির হোসেন ও সদর উপজেলার আটিগ্রাম এলাকার মুসা নামে দুই যাত্রী গুরুতর আহত হন। এরমধ্যে নাসির জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় মুসাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, মরদেহগুলো গোলড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ ও আরিচার দুইটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। পানিতে পড়ে যাওয়া লেগুনা থেকে চারজনের মদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ডুবুরি সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা করে আর কোনো মরদেহ পাননি।
এদিকে, নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন মানিকগঞ্জ সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল।