ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের মেধার বিকাশ ঘটায়: বিসিসি মেয়র
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেছেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও শিশুদের মেধার বিকাশসহ শারীরিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর আলেকান্দা কিশোর মজলিস ক্লাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মেয়য় বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাংলাদেশ সরকারের জাতীয় পুষ্টিসেবা প্রতিষ্ঠানের একটি কর্যক্রম। এ ক্যাপসুল ৫ বছরের শিশুদেরকে খাওয়ানো হয়।
তিনি আরো বলেন, এই ক্যাম্পেইনে বরিশাল সিটির ২২০টি কেন্দ্রে (১২-৫৯ মাস) বয়সী ৬০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আমাদের এই কার্যক্রমে সরকারি ও বেসরকারি ১০টি প্রতিষ্ঠানের ৫ হাজার দুইজন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আতিকুর রহমান, বিসিসি কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, সংরক্ষিত কাউন্সিলর আয়শা তৌহিদা লুনা প্রমুখ।
অপরদিকে, বরিশাল জেলায় ২০৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাসের ৪৩,৩১৫ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৩৩ হাজার ৮৭৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।