ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোটি টাকা নিয়ে উধাও ফার্মেসি ব্যবসায়ী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ২০ নভেম্বর ২০২৩
কোটি টাকা নিয়ে উধাও ফার্মেসি ব্যবসায়ী
মো. সুজা উদ্দীন। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায় বিনিয়োগের কথা বলে বি‌ভিন্ন এনজিও, ব্যবসায়ী, ওষুধ কোম্পানি ও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে পরিবারসহ উধাও হয়ে গেছেন সুজা উদ্দীন নামে এক ফার্মেসি ব্যবসায়ী।

এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগীরা আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দা‌য়ের করেছেন। 

সুজা উদ্দীন যশোর সদর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আছির আলীর ছেলে। তিনি বৈবাহিক সূত্রে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউপির বাদেমাজু গ্রামের শ্বশুর আব্দুল মান্নানের বাড়িতে বসবাস করতেন।

ভুক্তভোগীরা জানান, টাকা নিয়ে উধাও ব্যবসায়ী মিষ্টভা‌ষি মো. সুজা উদ্দীন পৌর এলাকার হাইরোডে দীর্ঘ ৪ বছর ধরে ওষুধ ফার্মেসির ব্যবসা করতেন। তার উত্তম ব্যবহার আর মি‌ষ্টভাষার সুবাদে এলাকায় মানুষের সঙ্গে খুব দ্রুত তার সুসম্পর্ক গড়ে উঠে।

আর এ সুসম্পর্কের ফায়দা নিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে বেশি টাকা লাভ দেওয়ার লোভ দেখিয়ে টাকা নেন। তিনি স্থানীয় লোকজনকে ব্যবসায় বিনিয়োগ করে টাকা আয় করে কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার আশ্বাসও দেন।

অভিযোগকারীদের মধ্যে ১৪ টি ওষুধ কোম্পানির ২৫ লাখ টাকা, ব্র্যাক এনজিওর ৭ লাখ টাকা, একতা ডেইলি সমিতির ২৭ লাখ টাকা, ফোর স্টার সমিতির ৭ লাখ টাকা, প্রতিবেশী কসমেটিকস ব্যবসায়ীর ৪ লাখ টাকা, মোবাইল ব্যবসায়ীর ১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

অভিযোগকারীরা ছাড়াও আরো অনেকে রয়েছেন যাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন ফার্মেসি ব্যবসায়ী মো. সুজা উদ্দিন। 

ভুক্তভোগীসহ এলাকাবাসীর ধারণা সুজা উদ্দীন প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, সুজা উদ্দিনকে বিশ্বাস করে আমার টাকা দিয়েছিলাম। তিনি আমার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। আমি এখন নিঃস্ব। আমাকে রাস্তার ফকির বানিয়ে চলে গেছেন তিনি। 

ইবনে সিনা ফার্মার (এমআর) আসাদুজ্জামান বলেন, ব্যবসায়ীক সূত্রে কোম্পানির প্রায় ৭ লাখ টাকা বাকি দেওয়া হয়েছে। গত (১৪ নভেম্বর) মঙ্গলবার রাতের আঁধারে তিনি পরিবার নিয়ে উধাও হয়ে যান। তিনি আরো বলেন, ১৪ টি ওষুধ কোম্পানি তার কাছে প্রায় ২৫ লাখ টাকা পাবেন। 

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, থানায় কয়েকজন ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কয়েকটি টিম পলাতক সুজা উদ্দিনকে আটকের চেষ্টা চালাচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!