তুচ্ছ ঘটনায় পিটিয়ে বৃদ্ধার পা ভাঙল প্রতিবেশী
নোয়াখালীর সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় পিটিয়ে রাজিয়া বেগম নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার পা ভেঙে দিয়েছে প্রতিবেশী।
বৃহস্পতিবার রাতে এ ঘটনায় সুধারাম থানায় মামলা করেন ভুক্তভোগী আরমান হোসেন। এর আগে, গত বুধবার সকালে উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর এলাকাবাসীর যৌথ উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল চলাকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গোপীনাথপুরের আরমানের ছোট ভাই আরাফাতের সঙ্গে প্রতিবেশী মাসুমের ঝগড়া হয়। একপর্যায়ে সেখানে আরাফাতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে উদ্যত হন মাসুম। এরই জেরে বুধবার সকালে মাসুম, তার ভাই রিপন ও ইসমাইলসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আরাফাতের বাড়িতে হামলা চালায়। এ সময় ভাঙচুরও করে তারা।
একপর্যায়ে সেখানে থাকা আরাফাতের নানী বৃদ্ধা রাজিয়া বেগম হামলাকারীদের গালমন্দ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম লোহার রড দিয়ে পিটিয়ে তার বাম পায়ের হাড় ভেঙে দ্বিখণ্ডিত করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তার মেয়ে আকলিমা বেগমকে পিটিয়ে হাত ভেঙে দেয় এবং তার স্বামী নুর আলমকে বেধড়ক পিটিয়ে চোখের নিচে আঘাত করে। এমনকি তাদের ছেলের বউ সুইটিকে মারধর করে শ্লীলতাহানীর চেষ্টা করে। হামলাকারীরা তাদের ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও নগদ ৫ হাজার ৫৮০ টাকা ছিনিয়ে নেয়।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে কাজ করছে। আহত বৃদ্ধা ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।