ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

করতোয়ায় ঝাঁপ দিয়ে শ্রমিক নিখোঁজ, ঘাটে পড়ে ছিল টুপি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৪, ১০ অক্টোবর ২০২৩
করতোয়ায় ঝাঁপ দিয়ে শ্রমিক নিখোঁজ, ঘাটে পড়ে ছিল টুপি
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে মামুন মিয়া নামে এক নির্মাণশ্রমিক নিখোঁজ হয়েছেন। নদীর ঘাট থেকে তার ব্যবহৃত মাথার টুপি উদ্ধার করা হয়েছে।

সোমবার করতোয়া নদীর বালুপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ মামুন মিয়া ঘোড়াঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের মাজারপাড়া গ্রামের ভালু মিয়ার ছেলে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ২টার সময় ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কের ত্রিমোহনী ঘাটের করতোয়া ব্রীজ থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে বালুপাড়া ঘাটে গোসল করছিলেন মামুনসহ দুইজন। নদীতে ডুব দিতে গিয়ে তলিয়ে যান মামুন। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী সাজু মিয়া বলেন, ঘাটের পাশেই মাছ ধরছিলাম। মামুনকে দেখলাম নদীর পাড় থেকে পানিতে লাফ দিলো। এরপর আর ওঠেনি। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে মামুনকে খুঁজতে শুরু করি। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। এরপর আমি মামুনের পরিবারকে খবর দেই।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, আমরা প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চালিয়েছি। কিন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে নতুন করে উদ্ধার অভিযান শুরু হবে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!