ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ হয়ে ফিরল মহসিন

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ৩ অক্টোবর ২০২৩
বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ হয়ে ফিরল মহসিন
ফাইল ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর মহসিন মিয়া নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের তিস্তার শাখা নদী (কাজিউলের দোকান সংলগ্ন) থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। মৃত শিশু মহসিন মিয়া তালুক বেলকা গ্রামের মিস্ত্রিপাড়ার নওশা মিয়ার ছেলে। সে স্থানীয় শ্যামরায়ের পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে তালুক বেলকা গ্রামের তিস্তার শাখা নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে যায় শিশু মহসিন মিয়া। একপর্যায়ে সে পানিতে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়েও তারা শিশুটির সন্ধান পাননি।

Advertisement

প্রবল স্রোতে শিশু মহসিনের মরদেহ তিস্তার শাখা নদীতে ভেসে যায়। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কিশামত সদর গ্রামের কাজিউলের দোকান সংলগ্ন নদীতে থাকা একটি গাছের গুঁড়িতে মরদেহটি আটকে থাকে। সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা শনাক্ত করে মরদেহটি উদ্ধার করেন।

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর তিস্তার শাখা নদী থেকে শিশুটির মরদেহ করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!