মোটরসাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু, গ্রেফতার ২
শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লায় মোটরসাইকেল চাপায় গৃহবধূ মোমেনা বেগম নিহতের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। এর আগে, বৃহস্পতিবার রাতে শেরপুর জেলখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর পৌর এলাকার নওহাটার মৃত হোসেন আলীর ছেলে আতিক মিয়া ও আব্দুল হালিমের ছেলে হীরা মিয়া। নিহত গৃহবধূ মোমেনা বেগম শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার হান্নান মিয়ার স্ত্রী।
র্যাব জানায়, গত বুধবার রাত ১০টার দিকে নিজ বাসার সামনে বের হন মোমেনা বেগম। ওই সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত তিনি। এ সময় মোটরসাইকেল রেখে দিয়ে পালিয়ে যান তারা। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের স্বামী হান্নান মিয়া আতিক ও হীরার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা করেন।
র্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।