এ ঘটনায় শনিবার শিশুটির বাবা ময়ছর উদ্দিন বাদী হয়ে থানায় পাঁচজনের নামে হত্যা মামলা করেছেন। পরে দুপুরে অভিযুক্ত দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- লাভলী ও তার মা হনুফা বেগম। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
.png)
পুলিশ জানায়, উপজেলার যোগানিয়া কান্দাপাড়া গ্রামের ময়ছর উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে গ্রাম্য সালিশে ঐ বিরোধ নিষ্পত্তি করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলা গাছের চারা রোপণ করতে যান। এতে হামিদুলের স্ত্রী লাভলী ও তার মা হনুফা বেগম চারা রোপণ করতে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামিদুলও যোগ দেন ঐ ঝগড়ায়। এ সময় উভয়পক্ষে হাতাহাতি শুরু হলে ফাতেমার কোলে থাকা পাঁচ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে মারেন লাভলী। পরে শিশুটি ঐদিন সন্ধ্যায় হাসপাতারে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, নিহত শিশুর বাবা থানায় পাঁচজনের নামে মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত লাভলী বেগম ও তার মা হনুফা বেগমকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।