ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যা মামলায় বাবার সাক্ষ্য শেষ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ২৪ মে ২০২৩
মিতু হত্যা মামলায় বাবার সাক্ষ্য শেষ
মিতু -ফাইল ছবি

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবা মোশাররফ হোসেনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে শেষ সাক্ষ্যগ্রহণ হয়।

এদিন আলামত হিসেবে জমা দেওয়া দুটি বই ও ২৯টি খুদেবার্তা নিয়ে মোশাররফ হোসেনকে জেরা করেন বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন।

আইনজীবী কফিল উদ্দিন জানান, মঙ্গলবার বিদেশি নারী এনজিওকর্মীর উপহারের দুটি বই ও ২৯টি এসএমএসের বিষয়ে মোশাররফ হোসেনকে জেরা করা হয়। জেরা শেষে ১১ জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন আদালত।

Advertisement

এর আগে, গত ১৩ মার্চ বাবুলসহ সাতজনের বিচার শুরুর আদেশ দেন তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত। সেদিন ৯ এপ্রিল সাক্ষগ্রহণের দিন নির্ধারণ করা হয়। পরবর্তীতে ৯ এপ্রিল মোশাররফ হোসেনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু। ঐ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন তার স্বামী তৎকালীন এসপি বাবুল আক্তার। মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে ২০২০ সালের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।

এরপরই ঘুরতে থাকে মামলার গতিপ্রকৃতি। পিবিআইয়ের তদন্তে উঠে আসতে থাকে স্ত্রী হত্যার সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততার নানা দিক। ২০২১ সালের ১০ মে মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে নেয়া হয়। এরপরই তাকে হেফাজতে নেয় পিবিআই। পরে ১২ মে দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরের পাঁচলাইশ থানায় আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

বাবুল আক্তার ছাড়া মামলার সাত আসামি হলেন- কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম ওরফে কালু, সাইদুল ইসলাম সিকদার ওরফে সাক্কু ও শাহজাহান মিয়া।

গত ১৩ সেপ্টেম্বর ঐ মামলায় বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে দুই হাজার ৮৪ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ১০ অক্টোবর অভিযোগপত্রটি গ্রহণ করেন আদালত। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে বাবুল আক্তার, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, শাহজাহান মিয়া ও আনোয়ার হোসেন কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন এহতেশামুল হক ভোলা। এছাড়া কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা ও খায়রুল ইসলাম ওরফে কালু পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!