ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাজ শেষে ঘরে ফিরে পেলেন অন্তঃসত্ত্বার ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১৭ মে ২০২৩
কাজ শেষে ঘরে ফিরে পেলেন অন্তঃসত্ত্বার ঝুলন্ত লাশ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় অর্পা (২৩) নামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফতুল্লার ভূইগড় পূর্ব পাড়ার হযরত আলীর ভাড়াটিয়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত অর্পা কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গঙ্গাপ্রসাদ গ্রামের ফয়সাল আহম্মদের স্ত্রী। তিনি স্বামীসহ ভূইগড় পূর্ব পাড়ার হযরত আলীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী তার স্ত্রী অর্পাকে নিয়ে ভূইগড় পূর্ব পাড়ার হযরত আলীর ভাড়াটিয়া বাসায় বসবাস করে ঢাকার উত্তরায় বেবি ডায়পারের ব্যবসা করে আসছিলেন। তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সংসারে অভাব-অনটন থাকায় স্ত্রীর চাহিদা পূরণ করা তার জন্য সব সময় সম্ভব হতো না। তা নিয়ে মাঝে-মধ্যে তাদের মনোমালিন্য হতো। মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্ত্রী অর্পাকে বাসায় একা রেখে ঢাকায় যান। রাত সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফিরে দেখতে পান ঘরের ভেতর থেকে দরজা বন্ধ এবং রান্নাঘরের জানালা খোলা।

ঘর অন্ধকার থাকায় বাইরে থেকে কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ির মালিককে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দেখতে পান ঘরে থাকা সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর গলায় ওড়না পেঁচানো। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই কামাল হোসেন জানান, অভাবের কারণে আত্মহত্যা করেছেন বলে নিহতের স্বামী তাকে জানিয়েছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের স্বামী অপমৃত্যু মামলা দায়ের করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!