পিরোজপুরে নিখোঁজ, ১১ দিন পর ঢাকায় ৪ ছাত্রী উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ১১ দিন পর চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া চার ছাত্রীর ২ জন মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রী। অপর ২ জনের একজন মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী, আরেকজন গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার দারুস সালাম এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড়ি থেকে পালিয়ে এসে তারা মাঝে মাঝে এই বাসায় কয়েকদিন থেকে আবার বাড়িতে ফিরে যেত বলে স্বীকার করেছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, মঠবাড়িয়া থানার এসআই রাসেল মোল্লা, এএসআই লাবনী আক্তার উদ্ধার অভিযানে অংশ নেন। নিখোঁজ ওই চার ছাত্রীকে উদ্ধার করে ঢাকা থেকে মঠবাড়িয়ায় নিয়ে আসেন তারা।
উল্লেখ্য, গত রোববার (৩০ এপ্রিল) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় চার ছাত্রী। তাদের সবার ব্যবহৃত মোবাইলটি বন্ধ থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে অভিভাবকরা মঠবাড়িয়া থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন।