শনিবার বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত জেলাজুড়ে বৃষ্টি হয়। রাজবাড়ীর পাংশা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এ সময় উপজেলার চান্দুর মোড় এলাকা থেকে পাঁচ কেজি ওজনের একটি শিলা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এটি দেখতে অনেকে ভিড় করছেন।
শিলাটি উদ্ধারের পর পরিমাপ করলে পাঁচ কেজি ওজন হয় বলে দাবি করেন স্থানীয়রা। এত বড় শিলা আগে কখনো দেখেননি বলেও জানান তারা।
.png)
স্থানীয় দোকানদার হালিম জানান, শিলাটি পড়ার পর এর ওজন ছিল পাঁচ কেজি।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, পাংশা পৌরসভা এলাকায় শিলা পড়েছে। তবে পাঁচ কেজি ওজনের শিল পড়েছে সেটা আমরা লোকমুখে শুনেছি, দেখি নাই। শুনেছি বড় শিলটি পড়ে ভেঙে গিয়েছিল।
এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জাফর সাদিক চৌধুরী মুটোফোনে জানান, বড় আকারের শিল পড়ার কথা শুনেছি। আমি এটি দেখি নাই। তবে কিছুক্ষণ আগে উপজেলা কৃষি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন এটি শিল। তবে পাঁচ কেজি হবে না। দুই থেকে তিন কেজি ওজন হতে পারে। এতে কেউ হতাহত হননি বলেও কৃষি অফিসার জানিয়েছেন।