ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জৈন্তাপুরে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ২১ এপ্রিল ২০২৩
জৈন্তাপুরে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়। পরে বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর সদর ইউনিয়নের বাংলাবাজারের বেঙ্গল স্টোন ক্রাশার এলাকায় আরেক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুরা হলো- নাঈম আহমদ (৮), আঞ্জুমা বেগম (৬) ও ইমন আহমেদ (১০)।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে উপজেলার বিসনাটেক গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় নাঈম আহমদ এবং আঞ্জুমা বেগম বজ্রপাতের কবলে পড়ে। ঐ দুই শিশুকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

এছাড়া একইদিন বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর সদর ইউনিয়নের বাংলাবাজারের বেঙ্গল স্টোন ক্রাশার সংলগ্ন পাথর সাইটে বজ্রপাতে আহত হয় ইমন আহমেদ। পরে ইমনকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, খবর পেয়ে শোকাহত পরিবারগুলোকে দেখতে যাই। পরে সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে তিনটি পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!