তিন মাস পর মুক্তি পেল ভেড়া
প্রায় তিন মাস খুলনা সদর থানায় বন্দি ছিল দুই ভেড়া। অবশেষে আদালতের নির্দেশে মুক্তি মিলেছে ভেড়া দুটির।
বুধবার দুপুরে খুলনা মহানগর হাকিম তরিকুল ইসলামের উপস্থিতিতে নিজের ভেড়া দুটি বুঝে পান প্রকৃত মালিক শাহীন শেখ।
জানা গেছে, ১৮ আগস্ট খুলনা মহানগরীর মহেশ্বরপাশা এলাকার খামার থেকে চারটি ছাগল ও দুটি ভেড়া চুরি হয়। ২১ আগস্ট ভেড়া দুটি উদ্ধার করে পুলিশ। চুরির ঘটনায় একজনকে আটক করা হয়। বিষয়টি জানতে পেরে আদালতে ভেড়া ফেরত পেতে আবেদন করেন শাহীন শেখ। কিন্তু আবেদন নামঞ্জুর করে আদালত। তিন মাসে একাধিকবার আবেদন করেও ফেরত পাননি ভেড়া। কিন্তু ভেড়া চুরি করে জামিনে মুক্তি পান চোর। আর ভেড়া দুটি থানা হেফাজতে থাকে। থানায় থাকলেও প্রতিদিন ১১ কিলোমিটার পথ দূরে গিয়ে ভেড়ার দেখাশোনা করতেন শাহীন। এ নিয়ে দুর্ভোগে দিন কাটিয়েছেন তিনি। থানার মধ্যেই ভেড়ার বাচ্চা প্রসব হয়ে মরে পড়েছিল।
সম্প্রতি খুলনার মহানগর দায়রা জজ আদালত থেকে বুধবার ভেড়া ফেরতের আবেদনের শুনানির দিন ধার্য করা হয়। বুধবার মহানগর দায়রা আদালত আবেদনটি গ্রহণ করে ভেড়া দুটি ফেরত দিতে নিম্ন আদালতকে নির্দেশ দেন। পরে খুলনা মহানগর হাকিম ভেড়া দুটি মালিককে বুঝিয়ে দেন।
ভেড়ার মালিক শাহীন শেখ বলেন, অনেকের কাছে গিয়েছি। কেউ ভেড়া দুটি ফেরত দিতে পারেনি। থানায় থাকতে থাকতে ভেড়ার একটি বাচ্চা হয়ে মারা গেছে। অবশেষে ফেরত পেলাম।