শ্রমিকদের শিকলে বেঁধে কাজ করাতেন ম্যানেজার
নারায়ণগঞ্জ বন্দরের ফনকুল এলাকায় পিবিএম নামে এক ইটভাটায় তিন শ্রমিককে শিকল দিয়ে বেঁধে নির্যাতন ও জোরপূর্বক কাজ আদায়ের অভিযোগে ইটভাটার ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই শ্রমিকরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে।
নির্যাতিত শ্রমিকরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শহিদুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম, একই এলাকার আরসাদ আলীর ছেলে রুহুল আমিন ও মৃত মোমরেজ মিয়ার ছেলে আবু বকর।
এ ব্যাপারে বন্দর থানায় ওই ইটভাটার চার মালিক ও ম্যানেজারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিরা হলেন, মালিক বন্দরের দাসেরগাঁও এলাকার মোস্তফা মিয়ার ছেলে মামুন হোসেন, ফনকুল এলাকার মো. হোসেনের ছেলে আনিসুর রহমান, মৃত তাহের আলীর ছেলে মোসলেম উদ্দিন, হাকিম আলীর ছেলে মো. রাজন, ম্যানেজার জসিম উদ্দিন ও মতিউর রহমান।
আরো পড়ুন: শ্রমিকদের শিকলে বেঁধে কাজ করাতেন ম্যানেজার
উদ্ধারকৃত শ্রমিকরা জানান, বেশ কিছুদিন যাবত এই ইটভাটার কাজ করে আসছিলাম। কিন্তু আমাদের মজুরি বাবদ আমরা মালিকপক্ষের কাছে ৪৫ হাজার টাকা পাওনা রয়েছি। কিন্তু কোনোভাবেই আমাদের পাওনা বুঝে না পাওয়ায় এ কাজ ছেড়ে দিতে চাই। পরে গত ১৯ ফেব্রুয়ারি মালিকদের নির্দেশে ম্যানেজার আমাদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে একটি বন্ধ ঘরে আটকে রেখে জোর করে কাজ আদায় করান। গত ২২ ফেব্রুয়ারি রাতে আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ এসে উদ্ধার করে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে সেখান থেকে একজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এ নিয়ে বন্দরে একটি নিয়মিত মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।