রূপগঞ্জে পোশাক শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মতিউর রহমান নামে এক পোশাক শ্রমিককে দোকান মালিক শিকলে বেঁধে নির্যাতন করেছে। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢহরগাও এলাকায় ঘটে এ ঘটনা।
নির্যাতনের শিকার পোশাক শ্রমিকের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই আব্দুস সোবহান জানান, বগুড়ার নন্দীগ্রাম থানাধীন বিজরুল এলাকার আমজাদ ছাকিদারের ছেলে মতিউর রহমান ঢহরগাও এলাকার ফকির ফ্যাশন নামক পোশাক কারখানায় ৫ বছরে ধরে চাকরি করছেন। সেখানে আনোয়ার স্টোর নামক এক দোকান থেকে বিভিন্ন সময় মালামাল কেনাকাটা করতেন তিনি।
একপর্যায়ে তার কাছে সাড়ে ৭ হাজার টাকা পাওনা হন দোকানদার আনোয়ার। এদিকে মতিউর তার মায়ের অসুস্থতার কারণে সময় মতো পাওনা টাকা পরিশোধ করতে না পারায় ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে তাকে ধরে এনে দোকানের সাটারের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে আনোয়ার। মতিউর কৌশলে ৯৯৯ এ ফোন করে পুলিশের কাছে ঘটনাটি জানায়। পরে পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই দোকানদার আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত দোকান মালিককে গ্রেফতার করা হয়েছে।