ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গারো পাহাড়ে মিলল বন্যহাতির লাশ

ঝিনাইগাতি ও শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২২
গারো পাহাড়ে মিলল বন্যহাতির লাশ
ঘটনাস্থলে উপজেলা প্রশাসন, পুলিশ ও বন কর্মকর্তারা

শেরপুরের বনাঞ্চল ঘেরা ঝিনাইগাতীর গারো পাহাড় থেকে একটি বন্যহাতির লাশ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দুপুরে ঐ উপজেলার কাংশা ইউনিয়নের সীমানবর্তী গজনী বিটের আঠারো ঝোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে আঠারো ঝোড়া এলাকার কয়েকজন রাখাল বন্যহাতিটির লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি বন বিভাগকে অবহিত করে। শনিবার রাংটিয়া রেঞ্জের গজনী বিটের কর্মকর্তা এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির লাশ উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, ঝিনাইগাতী থানার এসআই হাবিবুর রহমান, বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন বলেন, মৃত হাতিটির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাতিটি মাদি জাতের, বয়স অনুমানিক ৭-৮ বছর। খাদ্যে বিষক্রিয়ার কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নমুনা সংগ্রহ করা হয়েছে, ল্যাবে পরীক্ষার মাধ্যমে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন, ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই হাতিটির লাশ মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় জিডি করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!