[ দেশজুড়ে ]
ধান নষ্ট করায় বন্যহাতির বিরুদ্ধে চট্টগ্রামে থানায় জিডি
ফাইল ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে গোলা ভেঙে ধান খাওয়া ও নষ্ট করায় বন্যহাতির বিরুদ্ধে থানায় জিডি করেছেন ভুক্তভোগী কৃষক। শনিবার ঐ উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামে অদ্ভুত এ ঘটনা ঘটে।
নিপুল কুমার সেন নামে ঐ কৃষক জিডিতে উল্লেখ করেন, গত ২৩ নভেম্বর ভোরে তিনটি হাতি তার বাড়িতে এসে ধানের গোলা ভেঙে ফেলে। এরপর হাতি তিনটি মিলে প্রায় দেড় টন ধান নষ্ট করে। এতে তার ৪৫ হাজার টাকাপ ক্ষতি হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় হাতি তিনটিকে তাড়িয়ে দেওয়া হয়। হাতি চলে যাওয়ার সময় ওই কৃষকের আখ ক্ষেতও নষ্ট করে।
বোয়ালখালী থানার ওসি আবদুল করিম বলেন, ধান নষ্ট করার অভিযোগে জ্যৈষ্ঠপুরা গ্রামের এক কৃষক থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তে একজন এএসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্ভবত কৃষি বিভাগ থেকে ক্ষতিপূরণ পেতে জিডি করেছেন ভুক্তভোগী কৃষক।
গত ৬ নভেম্বর চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন থেকে একটি হাতির লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আদালতে মামলা করেছে বনবিভাগ। ১২ নভেম্বর বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে একটি ধানক্ষেত থেকে আরেকটি হাতির লাশ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!