ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দ্রুত গতির ড্রাম ট্রাক চাপা দিয়ে মারলো শিশুকে

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ১৫ জানুয়ারি ২০২২
দ্রুত গতির ড্রাম ট্রাক চাপা দিয়ে মারলো শিশুকে
ফাইল ছবি

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় অনিক নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক একই এলাকার আক্কার শাহের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অনিক তার বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কুষ্টিয়া বড়বাজার থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকটি লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় পৌঁছালে শিশুটিকে চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ড্রাম ট্রাকটি আটকে ভাঙচুর চালায় ও চালককে গণপিটুনি দেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: অপহরণের চারদিন পর উদ্ধার হলো ইতালি প্রবাসী কিশোরী

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

প্রসঙ্গত, কুষ্টিয়া জেলায় গত চারদিনে ড্রাম ট্রাকের ধাক্কায় অন্তত আটজনের প্রাণহানি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!