[ দেশজুড়ে ]
দ্রুতগতির ট্রাক চাপা দিয়ে মারলো স্কুলছাত্রকে
ছবি: ডেইলি বাংলাদেশ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় সাদেকুল সোহান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলী ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত সাদেকুল সোহান একই এলাকার তজিব উদ্দিনের ছেলে। সে বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সাদেকুল তার নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। পরে সে সাইকেল নিয়ে মহাসড়কে উঠলে পঞ্চগড়গামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদেকুলের। এদিকে ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া ওই স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তেঁতুলিয়া হাইওয়ে থানার জিম্মায় রয়েছে ট্রাকটি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!