মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাবুর্চির
গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মানিক শেখ (৫৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ওইদিন বিকেলে উপজেলার গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের মোক্তারপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন >>> ব্যানারে নিহত ছেলের ছবি জড়িয়ে কাঁদলেন মা
বুধবার (১২ জানুয়ারি) সকালে সড়ক দুর্ঘটনা এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরির্দশক (এসআই) মো. রফিকুল ইসলাম। নিহত মানিক উপজেলার মোক্তারপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে বাবুর্চির কাজ করতেন।
আরো পড়ুন >>> হত্যাকাণ্ডের জেরে বাড়িঘরে তাণ্ডব চালালো প্রতিপক্ষ
এসআই রফিক জানান, মঙ্গলবার বিকেলে গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে বাড়ি পাশে মোক্তারপুর বাজারে যাচ্ছিলেন মানিক। এ সময় ওই সড়কের মোক্তারপুর এলাকায় চরসিন্দুরগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই এসআই।