ঘন কুয়াশায় কর্ণফুলীর বাঁধে আটকা পড়ল ট্যাংকার ‘ফজিলত’
ঘন কুয়াশায় কর্ণফুলী নদীতে বন্দর চ্যানেলের পাথরের বাঁধে ‘ওটি ফজিলত’ নামে একটি অয়েল ট্যাংকার আটকা পড়েছে। বৃহস্পতিবার ভোরে ট্যাংকারটি আটকা পড়ে। বন্দর ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বন্দরের এক কর্মকর্তা জানান, তেল ভর্তি করে ডলফিন জেটি এলাকা ছেড়ে যাওয়ার সময় বন্দর চ্যানেলের বাম পাশে পাথরের বাধে ট্যাংকারটি আটকা পড়ে। ওই সময় ট্যাংকারের একপাশ কাত হয়ে যায়। বর্তমানে নদীতে ভাটা রয়েছে। দুপুরে জোয়ারের পানি বাড়লে ট্যাংকারটি উদ্ধার করা হবে।
এর আগে, গত বছরের ২২ সেপ্টেম্বর কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চরপাথরঘাটার দুই নম্বর ওয়ার্ড এলাকায় ‘ওটি ওশান’ নামে একটি অয়েল ট্যাংকার বিস্ফোরণে দুজন নিহত হন। নিহতরা হলেন- পটিয়া উপজেলার গরিলার টেক এলাকার মোহাম্মদ জিসান ও কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকার নজরুল ইসলাম সাদ্দাম।
আরো পড়ুন: টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক
ঘটনার পর পুলিশ জানায়, মূল ট্যাংক থেকে গ্যাস সংযোগ নিয়ে জাহাজের কোনো একটি অংশে মেরামতের কাজ করছিলেন সাদ্দাম। ওই সময় গ্যাস ট্যাংকটি বিস্ফোরিত হলে তিনি নদীতে লাফ দেন। ঘটনায় দগ্ধ জিসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার দুদিন পর ২৪ সেপ্টেম্বর দুপুরে কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকা থেকে নজরুল ইসলাম সাদ্দামের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগেও একই বছরের ২৯ এপ্রিল কর্ণফুলী নদীতে একটি অয়েল ট্যাংকারে আগুন লেগে ঘটনাস্থলেই দুজন মারা যান।
৬০ মিটার লম্বা ও সাড়ে তিন মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ট্যাংকারটি ১২শ’ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোক্যামিক্যাল জেটিতে আসে। খবর পেয়ে বন্দরের পাইলট আবুল খায়েরের নেতৃত্বে টাগবোট কাণ্ডারী-১, কাণ্ডারী-১০ পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।