জঙ্গলে মিলল নারী গার্মেন্টস শ্রমিকের লাশ
গাজীপুরের শ্রীপুরের একটি জঙ্গল থেকে রাশিদা খাতুন (৪২) নামে এক নারী গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের একটি জঙ্গলে পাতা দিয়ে ঢাকা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন।
নিহত রাশিদা শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী এবং আব্দুল কাদের মিয়ার মেয়ে। রাশিদা স্থানীয় ইসরাক টেক্সটাইল মিল নামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
এসআই জানান, দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
নিহতের স্বামী শহিদুল ইসলাম জানান, রোববার দুপুরে শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের জঙ্গলে শুকনা পাতা সংগ্রহের জন্য যান তার স্ত্রী। পরে সন্ধ্যা হলেও বাড়ি না ফিরলে রাতভর তাকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজে থানায় জানানো হয়। পরে স্থানীয়রা সোমবার দুপুরে বাড়ির অদূরে ওই গ্রামের তালুকদার ভিটা নামকস্থানে পাতায় ঢাকা তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।