ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীকে মারধর করা সেই বখাটে ধরা
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীকে প্রকাশ্যে মারধর করা সেই বখাটেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী থেকে তাকে আটক করা হয়।
আটক ৩২ বছর বয়সী মো. ইমরান জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি আমতলীতে ভাড়া বাসায় থাকতেন।
এ বিষয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে ইমরানকে আটক করা হয়। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ দেয়নি কলেজছাত্রীর পরিবার। তার বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা নেয়া যায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
জানা গেছে, সোমবার সকালে এক কলেজছাত্রীকে মারধর করেন ইমরান। তিনি মাদকাসক্ত বলে স্থানীয়ভাবে জানা গেছে। এর আগেও তিনি এক ছাত্রীকে এসিড ছুড়ে মারার ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। সোমবারে ঘটনার পর তিনি পালিয়ে যান।
সোমবার সকালে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানা গেছে, অনার্সপড়ুয়া এক ছাত্রী পৌর শহরের ট্যাংকের পাড়ে অবস্থানের সময় এগিয়ে আসেন ইমরান। তার আগের দিন রোববার দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ওই কলেজছাত্রী ভিডিও করেন বলে অভিযোগ তুলে মোবাইল ফোনটি ছিনিয়ে নিতে চান তিনি। মোবাইল ফোন দিতে না চাইলে ওই কলেজছাত্রীকে প্রথমে লাথি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে বেধড়ক পেটানো হয়।