চট্টগ্রামের শিশু ২০ হাজার টাকায় চলে যায় চাঁদপুর, ২ দিন পর উদ্ধার
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকার বাসা থেকে অপহরণের দুদিন পর ১০ মাসের এক শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান। এর আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. ফরহাদ, মো. দুলাল, মো. সবুজ, হালিমা বেগম, আসমা বেগম ও বেলাল।
.png)
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে নিজের ১০ মাস বয়সী শিশু আকাইদাকে ঘরে রেখে রান্নাঘরে কাজ করছিলেন শাপলা আবাসিক এলাকার ইদ্রিস কলোনির বাসিন্দা জাহানারা বেগম। কাজ শেষে সন্ধ্যা ৬টায় ঘরে ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু তাতেও সন্ধান না মিললে পরদিন থানায় মামলা করেন।
মামলার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর শাপলা আবাসিক এলাকা থেকে ফরহাদ, দুলাল ও সবুজকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে হালিশহর থানা এলাকা থেকে হালিমা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তারা জানান, শিশু আকাইদকে অপহরণের পর চাঁদপুরের উত্তর থানা এলাকায় হালিমা বেগমের বোন আসমা বেগমের কাছে ২০ হাজার টাকার বিনিময়ে হস্তান্তর করেন। এরপর বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও আসমা বেগমকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, গ্রেফতারদের পাঁচজন মিলে শিশুটিকে ২০ হাজার টাকায় আসমা বেগমের কাছে বিক্রি করে দেন। শিশুর মায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।