ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নানাবাড়িতে এসে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ১৭ জুন ২০২১
নানাবাড়িতে এসে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ ফতুল্লায় নানা বাড়িতে বেড়াতে এসে বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শাসনগাও বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকে থাকা লেবার সোহাগকে আটক করে নিয়ে যায়।

নিহত আব্দুল্লাহ আল সাদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বাটি চন্দ্রপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে। 

নিহত সাদের বাবা ওমর ফারুক জানান, স্ব-পরিবার নিয়ে তিনি ফতুল্লার পুলিশ লাইনস্থ রহমান গামেন্টস সংলগ্ন শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে ওমর ফারুক ছেলে সাদকে নিয়ে রিকশায় ঘুরতে বের হন। শাসনগাও বনশ্রী এলাকায় আসলে বক্তাবলীমুখী ইটবাহি একটি ট্রাক তাদের রিকশা চাপা দিলে রিকশায় থাকা সাদ ট্রাকের চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মিনারুল জানান, ট্রাকচাপায় শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটিকে আটক করা হয় এবং ট্রাকে থাকা লেবার সোহাগকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

তিনি আরো জানান, শিশুর লাশটি আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন তার নানার বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত সহ আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!