ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসে হঠাৎ আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৫৭, ১১ জানুয়ারি ২০২১
বাসে হঠাৎ আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বাসে হঠাৎ অগ্নিকাণ্ডে ঘুমন্ত চালক নিহত হয়েছেন।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবুল হোসেন। তিনি নরসিংদীর পলাশের খালিশারটেক গ্রামের বাসিন্দা।

আবুল হোসেন নরসিংদির পলাশ উপজেলার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে।

জানা গেছে, ভৈরব-ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহনের বাসটি শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় রাতে অবস্থান করছিল। রাত ১১টার দিকে চালক আবুল হোসেন বাসের ভেতর বন্ধ করে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে মশার কয়েল থেকে বাসে আগুন ধরে যায়। এতে বাসে ঘুমিয়ে থাকা চালক যানটির ভেতরেই পুড়ে মারা যায়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ২০ মিনিট চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও বাঁচানো যায়নি চালক আবুল হোসেনকে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।

ভৈরব ফায়ার স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ভৈরব থানার এসআই মো. মতিউজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!