ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আবুলের বাঁশকল: ২ লাখ ইঁদুর নিধন
সাদাসিধে মানুষ কৃষকবান্ধব আবুল হোসেন জোয়ার্দার (৮২) পেশায় পল্লী পশু চিকিৎসক। ৫০ বছর ধরে ফসলের শত্রু ইঁদুর নিধন করে এ পর্যন্ত প্রায় ২ লাখ ইঁদুর নিধন করেছেন।
এ কাজে ব্যবহার করেন নিজের তৈরি বাঁশকল বা (ফাঁদ)। মরা ইঁদুরের লেজ জমা দিয়ে সরকারি ইঁদুর নিধন দিবসে উপজেলা থেকে কয়েকবার সন্মাননাও পেয়েছেন। বৃদ্ধ আবুল হোসেন ঝিনাইদহ কালীগঞ্জের জামাল ইউপির উল্ল্যা গ্রামের বাসিন্দা।
সরেজমিনে আবুল হোসেনের বাড়িতে গেলে দেখা যায়, তার বাড়িতে বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে প্রায় শতাধিক বাঁশকল বা ফাঁদ। বাড়ির অন্যপাশে তৈরি করা হচ্ছে আরো অনেকগুলো। বসতবাড়ি ও ফসলি ক্ষেতে ইঁদুরের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে এলাকার কৃষকরা তার বাড়ি থেকে বিনামূল্যে বাঁশকল নিয়ে বাড়ি ফিরছেন। টিনের তৈরি একটি চালা ঘরে বেশ কিছু টিনের কৌটার মধ্যে সংরক্ষণ করা হচ্ছে মরা ইদুরের অসংখ্য শুকনো লেজ। যা তিনি উপজেলায় জমা দেবেন।
আবুল হোসেন জোয়ার্দার জানান, ১৯৬৯ সালে চট্রগ্রামের বাবুনগর মাদরাসা থেকে ফাজিল পাশ করে তিনি পল্লী পশু চিকিৎসক হিসেবে বিশেষ কোর্স শেষ করেন। এরপর এলাকায় শুরু করেন পশু চিকিৎসাসেবা। এ কাজের পাশাপাশি অবসর সময়ে শুরু করেন কৃষকের কষ্টার্জিত ফসল নিধনের শত্রু ইঁদুর নিধন।
তিনি বলেন, কৃষকরা অনেক কষ্ট করে পয়সা ব্যয় করে ফসল উৎপাদন করেন। সেই ফসল ইঁদুরে বিনষ্ট করে। এটা তাদের জন্য বড় ধরনের ক্ষতি। তাই কৃষকদের উপকারে তিনি শুরু করেন ইঁদুর নিধন। যা এখন নেশায় পরিণত হয়েছে।
প্রথমে বাজারের কেনা কল বা ফাঁদ ব্যবহার করতেন। এ ফাঁদে তেমন একটা কাজ করে না। তাছাড়া ব্যয়বহুল হওয়ায় বাড়িতে বাঁশ দিয়ে তৈরি করেন বিশেষ ফাঁদ বাঁশকল। তার এ চেষ্টা আজ সফল হয়েছে। এলাকায় এটা আবুলের বাঁশকল হিসেবে ব্যাপক পরিচিত।

ধানসহ বিভিন্ন ফসলের জমিতে এ ফাঁদগুলো নিজের উদ্যোগে ক্ষেতে নিজ উদ্যোগে পেতে রাখেন। কয়েক দিন পরে দেখেন অনেক ইঁদুর ফাঁদে আটকা পড়েছে। অনেকগুলো মরেও গেছে।
আবুল হোসেন আরো জানান, এখন পর্যন্ত বিভিন্ন গ্রামে ফসলি জমিতে তার কয়েক হাজার বাঁশকল পাতা আছে। শুধু ফাঁদ পেতে আসলেই হয় না। মাঝে মধ্যে আবার মাঠের ফাঁদগুলো দেখে আসতে হয়। বাঁশকলের মধ্যে খাবার ফুরিয়ে গেলে আবার খাবার দিতে হয়। আর আটকা পড়া ইঁদুরগুলো বের করে নিয়ে লেজ কেটে দুর্গন্ধ থেকে রক্ষা ও পরিবেশ সুরক্ষায় মাটি গর্ত করে মরা ইঁদুরের দেহাবশেষ পুতে রাখা হয়। লেজগুলো বাড়িতে এনে প্রথমে রোদে শুকানো হয়। পরে এগুলোকে জ্বলন্ত আগুনে বিশেষ প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করে শুকিয়ে বিশেষ কৌটায় ভরে রাখেন।
তিনি বলেন, প্রায় ৫০ বছর ধরে তিনি এ কাজ করছেন। তার দাবি- এ পর্যন্ত কমপক্ষে ২ লাখ ইঁদুর নিধন করেছেন। আগে লেজসহ মরা ইঁদুর মাটিতে পুতে রাখতেন। সরকারিভাবে যেদিন থেকে ইঁদুর নিধনের গুরুত্ব দেয়া হয়েছে সেদিন থেকেই আরো বেশি উৎসাহিত হয়েছেন।
উল্ল্যা গ্রামের বাসিন্দা আব্দুল মোমিন জানান, ছোটবেলা থেকে গ্রামের আবুল হোসেনকে দেখছি পশু পাখি চিকিৎসাসহ কৃষকের ফসলি ক্ষেত, বসতবাড়ির ইঁদুর মেরে সেবা দিচ্ছেন। তার তৈরি ইঁদুর মারার বাঁশকল বিভিন্ন গ্রাম থেকে মানুষ বিনামূল্যে নিয়ে যান। কোনো কোনো সময়ে তিনি বিভিন্ন গ্রামের মাঠে গিয়ে নিজের বাঁশকল পেতে একটু দূরে বসে থাকেন। তার এ সেবাটা সবার জন্য উপকারে আসে।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ফসলি ক্ষেতের জন্য ইঁদুর অত্যন্ত ক্ষতিকর। তাছাড়া কমপক্ষে ৬০ রোগের জীবাণু বহন করে। এই ইঁদুর নিধনে আবুল হোসেনের নিজের তৈিরি বাঁশকল দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে। প্রতিবছর তিনি হাজার হাজার ইঁদুরের লেজ জমা দেন। ইঁদুর খুব দ্রুত বংশ বিস্তার ঘটায়। ইঁদুরের গর্ভধারণকাল ১৮- থেকে ২২ দিন পর্যন্ত হয়। বাচ্চা প্রসবের পরে ৪৮ ঘণ্টার মধ্যে আবার গর্ভধারণ করতে পারে। ফলে বোঝায় যাচ্ছে নিধন করা কতটা জরুিরি যে কাজটি আবুল হোসেন বিনা পারিশ্রমিকে করে থাকেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মুহাম্মদ মোহায়মেন আক্তার জানান, ইঁদুর পাকা ধান, গম, রবিশস্য, সবজি, বাসা বাড়ির কাগজপত্র, কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট করে।
কৃষি জরিপে দেখা গেছে, ইঁদুর বেশিরভাগ সেচনালা গর্ত করে পানির অপচয় ঘটায়। ফসল কাটার আগে ধান ক্ষেত ৫ থেকে ১৭ ভাগ পর্যন্ত নষ্ট করে। ১০০ ইঁদুর বছরে ১ টন খাদ্য খেয়ে ফেলতে পারে। এ ইঁদুর নিধনের জন্য উপকারী প্রাণী পেঁচা, শিয়াল, বেজি, বন বিড়াল, সাপ, গুই সাপ, বিড়াল জাতীয় প্রাণী কমে যাওয়ায় মাঠে ও বাসা বাড়িতে ইঁদুর বেড়ে যাচ্ছে জ্যামিতিক হারে। আবুল হোসেন স্বেচ্চায় তার বাঁশকল দিয়ে কৃষকদের সেবা প্রদান করে যাচ্ছেন।
কালীগঞ্জের ইউএনও সূবর্ণা রানী সাহা জানান, ফসলি ক্ষেতের জন্য ইঁদুর একটি ভয়ানক শত্রু। প্রতিবছর সরকারিভাবে ইঁদুর নিধন সপ্তাহ দিয়ে ইঁদুর নিধনে কাজ করা হয়। কৃষকদেরকে ইঁদুর নিধনে উৎসাহিত করতে মরা ইঁদুরের লেজ জমা নিয়ে জমাদানকারীকে সন্মাননা প্রদান করা হয়।
এ উপজেলায় আবুল হোসেন জোয়ার্দার প্রতিবছরই সবার চেয়ে বেশি জমা দিয়ে আসছেন। তার নিজের প্রযুক্তিতে তৈরি বাঁশকল এলাকার সবার কাছে গ্রহণযোগ্য। বিনা পারিশ্রমিকে বৃদ্ধ বয়স পর্যন্ত যে সেবাটা দিচ্ছেন বলা যায় আবুল হোসেনই কৃষকদের প্রকৃত বন্ধু। তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।