৬ ফুট নিচে রাখা লাশের সন্ধান দিলো ‘প্রেমিকার ছবি’
একটি নিখোঁজের জিডি পেয়ে মাঠে নামে পুলিশ। তদন্তে অবাক করার মতো কিছু বিষয় সামনে আসে। বেরিয়ে আসে রহস্য; যা তদন্তে থাকা পুলিশ সদস্যদের চমকে দেয়। ৬ ফুট মাটির নিচে পুঁতে রাখা লাশের সন্ধান দিলো মাত্র একটি ছবি। যে ছবিটি নিহতের প্রেমিকার।
এমনই একটি হত্যার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ। নিহত আবদুল মনাফ উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি শহরের মিলি প্লাজার ব্যবসায়ী ছিলেন।
এর আগে, ১২ ডিসেম্বর নিখোঁজ হন আবদুল মনাফ। নিখোঁজের পরদিন কুলাউড়া থানায় জিডি করেন মনাফের বড় ভাই আজির উদ্দিন। এরপর তদন্ত শুরু করে পুলিশ।
কুলাউড়া সার্কেলের এডিশনাল এসপি সাদেক কাওছার দস্তগীরের নেতৃত্বে ওসি বিনয় ভূষণ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ওইদিন রাস্তায় রক্তের চিহ্ন দেখতে পান ওসি বিনয়। এতেই রহস্য আরো ঘনীভূত হয় পুলিশের। এ সূত্র ধরে ১৩ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত একাধিক বাড়িতে তদন্ত করেন ওসি।

তল্লাশির সময় নিখোঁজ মনাফের চাচাতো ভাই শাহিনুর রহমান শাহিদের বাড়ির সেপটিক ট্যাংকিতে একটি এনআইডি কার্ড পাওয়া যায়। পরে ট্যাংকিতে মেলে মনাফের প্রেমিকার ছবিসহ একটি মানিব্যাগ। এনআইডি কার্ড ও মানিব্যাগ নিখোঁজ মনাফের বলে নিশ্চিত করেন স্বজনরা। এরপর শাহিনের বাড়িতে হানা দেয় পুলিশ। আটক করা হয় শাহিনকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন চাঞ্চল্যকর তথ্য দেন। চাঁন মিয়ার বাড়ির রাস্তায় মনাফকে হত্যা করা হয়। এ হত্যার পরিকল্পনা করা হয় এক মাস আগে। ১২ ডিসেম্বর রাত ৯টায় শহরের মিলি প্লাজার ‘মনাফ টেলিকম সেন্টার’ দোকান বন্ধ করে অটোরিকশায় করে গ্রামের বাড়ি মীরশংরের উদ্দেশ্যে রওনা হন মনাফ। অটোরিকশাটি স্থানীয় ঘাটের বাজার সংলগ্ন কালাচান্দের পুলে তাকে নামিয়ে দেয়। এরপর সোলিং রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে রাত ১০টায় পরিকল্পনা অনুযায়ী মনাফের মাথার পেছনে লোহার পাইপ দিয়ে আঘাত করেন শাহিন। আর লাঠি দিয়ে আঘাত করেন সহযোগী শামছুদ্দিন। মনাফের মাথায় আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হত্যার বিষয়টি গোপন করার উদ্দেশ্যে লাশটি শাহিনের বসতঘরের পেছনে একটি গর্তের ভেতর ফেলে দেয়া হয়। এরপর গর্তের ওপর প্রায় ৬ ফুট মাটিচাপা দেন তারা। এছাড়া সেখানে খড়কুটো দিয়ে ঢেকে রাখা হয়।
শাহিনুর রহমান শাহিদের দেয়া তথ্যমতে, ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় তার বসতঘরের পেছনের একটি গভীর গর্ত থেকে মনাফের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের মাহমুদ আলীর ছেলে শাহিনুর রহমান শাহিদ, আতিকুর রহমান চাঁন মিয়া, মো. ফজলু মিয়া, আইয়ুব আলীর ছেলে শামছুদ্দিন, ফজলু মিয়ার ছেলে ফয়েজ আহমদ ও চুনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, শাহিন ও মনাফের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ থেকেই মনাফকে হত্যা করে শাহিন। নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।