চাকরির প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে নেন প্রতারক
চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। প্রতারকের নাম খন্দকার ওবায়দুর চুন্নু ওরফে জীবন চৌধুরী। ওবায়দুর নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিতেন।
বৃহস্পতিবার বিকেলে নড়াইল সিআইডির অতিরিক্ত বিশেষ এসপি প্রত্যুষ কুমার মজুমদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খন্দকার ওবায়দুর চুন্নু ওরফে জীবন চৌধুরী ও তার মা লোহাগড়া থানার প্রতারণা মামলার আসামি। তিনি নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরির প্রলোভনে লোহাগড়া এলাকার কয়েকজনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেন। একপর্যায়ে প্রতারিত হওয়ার বিষয় বুঝতে পেরে ফিরোজ নামে লোহাগড়ার একজন ভুক্তভোগী ২০ অক্টোবর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তভার পাওয়ার একদিনের মাথায় সিআইডি মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ওবায়দুরের অবস্থান নিশ্চিত হয়ে ১১ নভেম্বর রাজবাড়ির কালুখালী এলাকা থেকে তাকে ও তার মাকে গ্রেফতার করে নড়াইলে নিয়ে আসা হয়।
গ্রেফতারের সময় তার থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ওয়াকিটকি সেট, কয়েকটি মোবাইল ফোন, নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার আসামিদের আদালতে তোলা হলে ওবায়দুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। স্বীকারোক্তি গ্রহণ শেষে আদালত তাদের জেলহাজতে পাঠায়।