[ দেশজুড়ে ]
‘আকবরের ফাঁসি চাই’ স্লোগানে মুখর ছিল আদালতপাড়া
আদালত চত্বর
‘ফাঁসি চাই ফাঁসি চাই, আকবরের ফাঁসি চাই’ স্লোগানে মুখর ছিল সিলেটের আদালতপাড়া। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (বরখাস্ত) আদালতে হাজিরের পর থেকে আদালত চত্বরে ভিড় করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার দুপুরে সিলেট আদালত চত্বরে পুলিশি নিরাপত্তার মধ্যে বিক্ষোভ করে উপস্থিত লোকজন। এ সময় তারা আকবরকে দেখা মাত্র ‘ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে শুরু করেন। তবে পুলিশ তৎপর থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সোমবার দুপুরে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেফতার করে পুলিশ। রাতে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। আলোচিত এ মামলায় এখন পর্যন্ত চার পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন।
১০ অক্টোবর রাতে রায়হানকে নগরীর কাস্টঘর থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
রায়হানের পরিবারের অভিযোগ, ফাঁড়িতে নিয়ে রাতভর নির্যাতনের ফলে রায়হান মারা যান। এ ঘটনায় ১১ অক্টোবর রাতে মামলা করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। এরপর থেকেই এসআই আকবর পলাতক ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!