ভারতে পালানোর সময় আকবরকে গ্রেফতার করা হয়েছে: সিলেটের এসপি
সিলেটের এসপি মো. ফরিদ উদ্দিন বলেছেন, ভারত পালানোর সময় সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত থেকে সাদা পোশাকধারী পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনদিনের সর্ব্বোচ্চ চেষ্টা চালিয়ে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।
আকবরকে গ্রেফতারের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এসপি জানান, গতকাল রাতে আমাদের কাছে তথ্য আসে আকবর কানাইঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যেতে পারে সেজন্য কানাইঘাট সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নজরদারি বাড়িয়ে দেয়া হয়। বিশেষ এই টিমের নেতৃত্ব দেন কানাইঘাট ও জকিগঞ্জের ওসি। সোমবার সকাল ৯টার দিকে ভারতে পালানোর সময় কানাইঘাটের দনা সীমান্ত থেকে সাদা পোশাকধারী পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে কানাইঘাট থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসপির কার্যালয়ে আনা হয়েছে। এরপর তাকে পিবিআই’র কাছে হস্তান্তর করা হবে।
আকবরকে ভারতীয় খাসিয়ারা আটক করার ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সীমান্ত থেকে আকবরকে গ্রেফতার করা হয়েছে। তবে এর আগে যদি কেউ কোনো ভিডিও করে থাকে তবে সেটা তাদের বিষয়। জেলা পুলিশের পক্ষ থেকে কেউ ভিডিও করেনি।
তিনি বলেন, আমরা সবসময় পুলিশিং কাজে মানুষের সহযোগিতা নিয়ে থাকি। এখানে আমাদের নির্ভরযোগ্য বন্ধু ছিল, তারা আমাদের সহযোগিতা করেছে।
আকবর ভারত পালিয়ে গিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এমনও হতে পারে সে একবার ভারতে পালিয়ে গিয়েছিল এখন আবার দেশে আসতে চেয়েছিল। আবার এমন তো হতে পারে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার পথে গ্রেফতার হয়েছে। এখানে দুটি প্রক্রিয়া হতে পারে। তবে আমরা তাকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করেছি।
ভাইরাল হওয়া ভিডিওতে আকবরকে দেশ ছাড়তে উর্ধ্বতন কর্মকতারা বলেছেন এমন প্রসঙ্গে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি এর কোনো তথ্য পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন। এ সময় তিনি বলেন, পুলিশ আবারো প্রমাণ করেছে আইন অমান্য করলে বা কেউ নিজের হাতে তুলে নিলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। আকবর যা করেছে তা অত্যন্ত জঘন্য কাজ, তাকে শাস্তি পেতেই হবে।
এর আগে সোমবার দুপুরে সিলেটের কানাইঘাট থেকে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেফতার করে জেলা পুলিশ। পরে তাকে নিয়ে আসা হয় কানাইঘাট থানায়। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যা ৬টার দিকে তাকে আনা হয় এসপির কার্যালয়ে।