ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:২৮, ২৪ অক্টোবর ২০২৬
আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইল
শেখ খালেদ আবু জুমাকে ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে খুতবা দেওয়া ও জুমার নামাজে ইমামতি করার পর শেখ খালেদ আবু জুমাকে আটক করে ইসরাইলি বাহিনী। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্ট। তবে তাঁর ওপর সাময়িকভাবে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) নামাজের পর শেখ খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ইসরাইলি বাহিনী। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, জুমার খুতবায় শেখ খালেদ ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে অবিচল থাকার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি চলমান জলপাই সংগ্রহের মৌসুম এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির দেওয়া বক্তব্য নিয়েও কথা বলেন তিনি।

এদিকে জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরির ওপর আল-আকসা মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। নতুন আদেশ অনুযায়ী, ৮৭ বছর বয়সী এই ফিলিস্তিনি ধর্মীয় নেতাকে ২০২৭ সালের ১৯ এপ্রিল পর্যন্ত মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। কুদস প্রেস জানিয়েছে, নিষেধাজ্ঞা বাড়ানোর আদেশটি তাঁর আইনজীবীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এমন পরিস্থিতিতে অধিকৃত পশ্চিম তীরে চলাচলের ওপর বিধিনিষেধ আরও বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেরুজালেমে যাতায়াতের একটি সড়কের চেকপয়েন্ট বন্ধ করে দেওয়ায় পারাপারের অপেক্ষায় থাকা শত শত ফিলিস্তিনি ভোগান্তিতে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। একই সঙ্গে শহরটিতে অবরোধ আরোপ করা হয়েছে।

সূত্র: ওয়াফা, কুদস প্রেস, আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্ট ও সিয়াসাত।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!