ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রায়হান হত্যা: এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:০৩, ১০ নভেম্বর ২০২০
রায়হান হত্যা: এসআই আকবর ৭ দিনের রিমান্ডে
এসআই(বরখাস্ত) আকবর ৭ দিনের রিমান্ডে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যায় অভিযুক্ত এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূইয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানিকালে আকবরের কিছু বলার আছে কিনা জানতে চান বিচারক। এ সময় আকবর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কোনো দোষ করিনি।

এর আগে সোমবার সিলেট জেলা পুলিশ রাত ৮টার দিকে আকবরকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে। রাতেই পিবিআই তাদের কার্যালয়ে আকবরকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে।

এ বিষয়ে পিবিআই সিলেটের এসপি খালেদ-উজ-জামান মঙ্গলবার দুপুরে বলেন, আমরা তাকে আদালতে সাতদিনের রিমান্ডে চাই। আদালত শুনানি শেষে সাতদিনের মঞ্জুর করেছে।

গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন। এ ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী। স্ত্রীর করা মামলাটির তদন্ত করছে পিবিআই।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!