ছুরিতে বিদ্যুতের সংযোগ দিয়ে বড় ভাইয়ের পেটে ঢুকিয়ে দিল ছোট ভাই
বাবার পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই মারা গেছেন। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ঘটেছে এই ঘটনা।
শনিবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত বড় ভাই সোহেল মোল্লা মারা যান।
জানা গেছে, সোহেল মোল্লা উপজেলার কোদালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়ার মোল্লার ছেলে।
আরো পড়ুনঃ এক গর্তেই চাপা দেয়া হয় বাবা-মা-ছেলের লাশ
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কোদালপুর ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া মোল্লা। তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি শেষে তিনি অবসরে যান। নান্নু মিয়া মোল্লা পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা মেজো ছেলে সোহেল মোল্লার কাছে রেখে যান।
গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সেই পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগাভাগি নিয়ে মেজো ছেলে সোহেল মোল্লার সঙ্গে ছোট ছেলে ইয়াবুক মোল্লার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইয়াকুব একটি ছুরিতে বিদ্যুতের সংযোগ দিয়ে সোহেলের পেটে ঢুকিয়ে দেন। আহত অবস্থায় সোহেলকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক সোহেলকে ঢাকায় পাঠান।
আরো পড়ুনঃ কুড়িয়ে পাওয়া মোবাইলে নিজ মেয়ের ধর্ষণের ভিডিও পেলেন বাবা
পরিবারের লোকজন তাকে ঢাকায় না নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। অবশেষে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সোহেলের মৃত্যু হয়।
রোববার ময়নাতদন্তের জন্য তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়।