ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছেলের পাওনা টাকা নিতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৪, ৩ নভেম্বর ২০২০
ছেলের পাওনা টাকা নিতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
ছুরিকাঘাত (ছবি: ডেইলি বাংলাদেশ)

পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা ও তার ছেলেকে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেলে যশোরের শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল কুদ্দুস খান। তিনি কুদ্দুস খান যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলমের গাড়ি চালক ছিলেন। এ সময় আহত হন তার ছেলে বিপ্লব হোসেন। 

আহত বিপ্লব হোসেন জানান, তিনি যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার সেলিম হোসেনের কাছে ৪৪ হাজার টাকা পেতেন। ছয়মাস আগে সে টাকা ধার নিয়েছিল। টাকা পরিশোধের জন্য সময় দিলেও সে টাকা পরিশোধ করেনি। বিষয়টি বিপ্লব তার বাবাকে জানান।

তিনি আরো জানান, মঙ্গলবার বিকেলে বিপ্লব ও তার বাবা কুদ্দুস খান পাওনা টাকা চাওয়ার জন্য সেলিমের বাড়িতে যান। এ সময় সেলিম ও লিচুবাগান এলাকার সম্রাট তাদেরকে ছুরি মেরে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তার বাবা মারা যান।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুর রহিম মোড়ল জানান, অতিরিক্ত রক্তক্ষরণে কুদ্দুস খানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু হেনা মিলন জানান, হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!