বাড়ি থেকে উধাও হওয়ার ৯ দিন পর বাঁশঝাড়ে মিলল মরদেহ!
পঞ্চগড়ের বোদায় বাঁশঝাড় থেকে উজ্জল চন্দ্র বর্মণ নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোর ৯ দিন ধরে নিখোঁজ ছিল।
নিহত উজ্জল চন্দ্র বর্মণ ওই উপজেলার পাঁচপীর ইউপির বংশীধর গ্রামের হরিপদ চন্দ্র বর্মণের ছেলে। মঙ্গলবার সকালে ওই ইউপির মীরগঞ্জ বাজার সংলগ্ন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে ওই কিশোরের মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ।
.png)
জানা গেছে, ১৩ সেপ্টেম্বর উজ্জল কাউকে না জানিয়ে বাড়ি থেকে ১০ টাকা নিয়ে উধাও হয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সন্ধ্যায় তাকে মীরগঞ্জ বাজারে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। মঙ্গলবার সকালে বাজারের পাশের বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।