বালিয়াডাঙ্গী সীমান্তে মিললো বাংলাদেশি কৃষকের মরদেহ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তের জিরো লাইনের একটি ব্রিজের নিচে আব্দুল আলীম আদু নামে বাংলাদেশি এক কৃষকের মরদেহ পাওয়া গেছে।
আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু বলেন, মৃত ব্যক্তি তার ইউপির হরিণমারী যুগীহার গ্রামের ইজাবুল হকের ছেলে। শুক্রবার সকালে তার পরিবার জানতে পারে, হরিণমারী কোটপাড়া বিজিবির সীমান্ত ফাঁড়ির বিপরীতে, ভারতের সোনামতি বিএসএফ চৌকির অদূরে মইডাঙ্গা এলাকার একটি ব্রিজের নিচে আলীমের মরদেহ পড়ে রয়েছে।
পরিবারের দাবি, তাকে বিএসএফ হত্যা করেছে।
আব্দুল আলীমের ছোট ভাই জয়নাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি।
আমজানখোর ইউপির ৫ নম্বর ওয়ার্ড মেম্বার আতাবুল ইসলাম জানান, আব্দুল আলীম তার গ্রামের বাসিন্দা।
আরো পড়ুন: শিমুলিয়ায় অচলাবস্থা, যানবাহনের সারি বাড়ছে পাটুরিয়ায়
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, এ বিষয়ে বিজিবির কাছ থেকে কোনো তথ্য জানানো হয়নি পুলিশকে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম জানান, এ বিষয়টি সম্বদ্ধে এখনো তিনি নিশ্চিত নন।
উল্লেখ্য, ৯ দিন আগে আমজানখোর ইউনিয়নের চড়ইগেদী গ্রামের আব্দুল হকের ছেলে শরিফুল ইসলামকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বড়বিল্লা সীমান্ত চৌকির সদস্যরা।