ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৮, ১৭ অক্টোবর ২০২৬
রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ
সংগৃহীত ছবি

চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সমাজবিরোধী অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বরগুনার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের হয়রানি মুক্ত সরকারি সেবা পৌঁছে দেওয়া প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, প্রশাসনসহ সব সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

উপকূলীয় এলাকার অপার সম্ভাবনার কথা তুলে ধরে নূরুল ইসলাম মনি জানান, বরগুনার কৃষি, মৎস্য, পর্যটন ও উন্নত যোগাযোগব্যবস্থার প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের অগ্রাধিকারমূলক লক্ষ্য। উন্নয়ন বরাদ্দের যথাযথ ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য মো. ওলি উল্লাহ, পুলিশ সুপার কুদরাত ই খুদা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!