টাঙ্গাইলে পুনর্বাসন কেন্দ্রে মাদকাসক্তের রহস্যজনক মৃত্যু
টাঙ্গাইলে একটি পুনর্বাসন কেন্দ্রে তোফাজ্জল হোসেন নামে এক মাদকাসক্তের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার বেলটিয়াবাড়ী এলাকার বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত তোফাজ্জল হোসেন গোপালপুর উপজেলার আব্দুল জব্বারের ছেলে।
মৃতের পরিবারের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অপরদিকে, বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের দাবি মানসিক সমস্যা থাকায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তোফাজ্জল।
মৃতের ভাই মো. উজ্জল বলেন, ৭ সেপ্টেম্বর তোফাজ্জলকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়। কেন্দ্রের দায়িত্বরতরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। বুধবার সকালে সেখান থেকে খবর আসে তোফাজ্জলের অবস্থা ভালো নয়। আমরা ছুটে গিয়ে মৃত তোফাজ্জলকে পাই।
বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মজিবুর রহমান তপন জানান, তোফাজ্জল বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ওসি মোশারফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।