আশুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যুবকের আত্মহত্যা
ঢাকার আশুলিয়ায় আমেনা বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে কাঠগড়া এলাকা থেকে স্বরন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে ওই গৃহবধূ ও কাঠগড়া এলাকার ভাড়া বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
আমেনা বেগম পাবনা জেলার বেড়া থানার কৈটোলা গ্রামের মাজম ফকিরের মেয়ে। তিনি আশুলিয়ার জিরানী আমতলা এলাকায় স্বামী শান্ত ব্যাপারীর সঙ্গে থাকতেন।
পুলিশ জানায়, বিকেলে ওই গৃহবধূ বিষপান করার পর তাকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার এসআই সামিউল হক জানান, প্রাথমিকভাবে জিরানী এলাকার ওই গৃহবধূর মৃত্যুর কারণ বিষপানে হয়েছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
অপরদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় কোহিনূর সরকারের মালিকানাধীন বাড়ির ভাড়া দেয়া একটি কক্ষ থেকে স্মরণ নামে এক গার্মেন্ট শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি যশোর জেলার কোতোয়ালি সদর থানায়। তিনি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।
এসআই সামিউল হক জানান, কাঠগড়া এলাকার স্মরণ নামের ওই যুবক মানসিক সমস্যা থেকেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।