ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামালপুরে ইউএনওদের বাসভবনে আনসার সদস্য মোতায়েন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮, ৫ সেপ্টেম্বর ২০২০
জামালপুরে ইউএনওদের বাসভবনে আনসার সদস্য মোতায়েন
ফাইল ছবি

জামালপুরের সাতাটি উপজেলায় ইউএনওদের বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সদর উপজেলা, সরিষাবাড়ি, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট নাজমুল আশফাক জানান, জামালপুর জেলার সাতটি উপজেলার ইউএনওদের বাস ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রসহ প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। 

আপাতত প্রতি ইউএনওর বাস ভবনে চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। চারজন আনসার সদস্যর জন্য দুইটি করে শর্টগান দেয়া হয়েছে।  মোতায়েন করা আনসার সদস্যদের থাকার ও জ্বালানীর ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন। আর খাদ্য সামগ্রী সরবরাহ করবে আনসার দফতর। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চারজন করে মোতায়েন থাকবে।  

জামালপুর সদর উপজেলার ইউএনও ফরিদা ইয়াছমিন জানান, তিনি ছুটিতে আছেন। তবে তার সরকারি বাস ভবনে চারজন আনসার সদস্য  মোতায়েনের খবর তিনি নিশ্চিত করেছেন।  

জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হক জানান, জেলার সাত উপজেলার ইউএনওদের বাস ভবনের নিরাপত্তায় অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ইউএনওদেরকে আনসার সদস্যদের থাকার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!