ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির উদ্দেশে গ্যারেজে ঢুকতেই ধরা পড়ল কিশোর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ২ সেপ্টেম্বর ২০২০
চুরির উদ্দেশে গ্যারেজে ঢুকতেই ধরা পড়ল কিশোর
শাস্তি দেয়া হচ্ছে কিশোর জাকিরকে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর নতুনবাজারে মঙ্গলবার ভোরে টমটম গ্যারেজে চুরি করতে গিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য জাকির  আটক হয়েছে নৈশপ্রহরী ও স্থানীয় জনতার হাতে। পরে সালিশবৈঠকে কিশোর ও তার পরিবারের পক্ষ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। সে উপজেলার আলীনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

নৈশপ্রহরী মাহফুজ মিয়া জানান, মঙ্গলবার রাতে জাকিরসহ সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং চুরির উদ্দেশে শাহপুর নতুনবাজারে ঘুরতে থাকে। একসময় সুযোগ বুঝে শেষ রাতে আমিন মিয়ার টমটম গ্যারেজে প্রবেশ করে তারা। এ সময় ধাওয়া করে কিশোর জাকির মিয়াকে আটক করা হয়।

খবর পেয়ে উৎসুক জনতা কিশোর জাকির মিয়াকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে সামান্য মারধর করে। পরে স্থানীয় ইউপি সদস্য নুরুল আহসান তপুর উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে এক সালিশবৈঠকে কিশোর গ্যাং সদস্য জাকির মিয়াকে তার পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন।

Advertisement

ইউপি সদস্য তপু বলেন, ছেলেটি বয়সে খুবই ছোট। বাড়িতে মা-বাবা তার সঙ্গে ভালো আচরণ করেন না। সে কারণে বিভিন্ন স্থানে সে রাত কাটায়।

স্থানীয়রা জানান, সদ্য গড়ে ওঠা শাহপুর শিল্প এলাকায় অনেক কিশোর সংঘটিত হয়ে মাদক সেবন, বিক্রি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। মাদকের টাকা সংগ্রহ করতে কিশোর গ্যাংয়ের সদস্যরা অনেক সময় রাতের বেলায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ করে যাচ্ছে।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, কিশোর গ্যাং দমনসহ যে কোনো অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!