ঠাকুরগাঁওয়ের নাগর নদীতে কুমির, আতঙ্কিত জেলেরা
ঠাকুরগাঁওয়ের ভারত সীমান্তসংলগ্ন নাগর নদীতে প্রায় ৭ ফুট লম্বা ৬০ কেজি ওজনের কুমিরের দেখা মিলেছে। জেলেরা প্রাণের ভয়ে মাছ ধরতে নাগর নদীতে নামছেন না। কুমির আতঙ্কে ভুগছেন তারা।
স্থানীয় এক বাসিন্দা জানান, সোমবার বিকেলে স্থানীয়রা নাগর নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখতে পায় ওই নদীতে একটি কুমির ভাসছে। কুমির দেখে জেলেরা চিৎকার করলে এলাকার শত শত মানুষ ছুটে আসে।
উত্তর নিটালডোবা গ্রামের লাবনী বলেন, তিনি দূর থেকে কুমিরটির ছবি তুলেছেন। মানুষের সমাগম দেখে মুহূর্তের মধ্যে কুমিরটি পানিতে ডুব দেয়। পরে আর দেখা যায়নি।
.png)
বিজিবি ডাবরী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান বলেন, পাঁচ-ছয়টা কুমির দেখা মিলেছে। তারা এ ব্যাপারে স্থানীয় জেলেদের নদীতে নামতে সতর্ক করেছেন।
গেদুরা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, বন্যার পানিতে কুমিরগুলো ভারত থেকে নাগর নদীতে ঢুকে পড়েছে। এখন নদীর পানি কমে যাওয়ায় কুমিরগুলো নিরাপদ আশ্রয় ও খাবারের জন্য ছোটাছুটি করছে। এলাকার ৫০টি পরিবার নদীতে মাছ ধরে সংসার চালায়। কুমির দেখে এখন তারা নদীতে নামতে সাহস পাচ্ছেন না। এ ছাড়া কৃষকরা ক্ষেত-খামারের পরিচর্যা করতে এবং গবাদিপশুকে ঘাস খাওয়াতে যেতে ভয় পাচ্ছেন।
ঠাকুরগাঁওয়ের ডিসি কেএম কামরুজ্জামান সেলিম জানান, তিনি বিষয়টি দেখবেন।