কুমিল্লায় জনসমক্ষে যুবককে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লায় জনসমক্ষে রাজিব হাসান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবক তাকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে রাজিবের মৃত্যু হয়।
শুক্রবার রাত ১০টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে। পেশায় তিনি একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নগরীর বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সঙ্গে রিয়াদ নামে এক যুবকের বাকবিতণ্ডা হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন রাজিব। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ওই তিন যুবক। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, ঘাতকরা মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।