রূপগঞ্জে সুতার মিলে আগুন, আহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুতা তৈরির মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন কর্মরত এক শ্রমিক। আগুনে পুড়ে কমপক্ষে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক পক্ষ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আজাহার ও ফেরদৌসের মালিকানাধীন সুমাইয়া রোটর মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভিতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিস ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে ১টি রোটার মেশিন, ৩ টি কাটিং মেশিন, ১টি ডরিং মেশিন, ১ টি কিপ স্লিপার মেশিন, বিপুল পরিমান তুলা তৈরি সুতাসহ কমপক্ষে ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। এ সময় এসহাক নামে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।