করোনা সন্দেহে বাবাকে রাস্তায় ফেলে যাওয়া সেই ছেলে আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা সন্দেহে বাবাকে রাস্তায় ফেলে রেখে যাওয়া সেই ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে উল্লাপাড়া থানায় নিয়ে আসা হয়।
ওসি দীপক কুমার দাস বলেন, অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে রেখে যাওয়া ছেলে নজরুল ইসলাম নবীনকে ঘটনার পর থেকেই খুঁজছি। তিনি পালিয়ে নাটোরের সিংড়ায় তার এক স্বজনের বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে দুপুরে তাকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার মানিক দিয়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধ সোবাহান জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তার করোনা হয়েছে এমন সন্দেহে ছেলে নজরুল ইসলাম নবীন তাকে বাড়ি থেকে এনে ১২ জুলাই বিকেলে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের সামনে রাস্তায় রেখে চলে যান।
যাওয়ার সময় তিনি বাবাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলেন, তুমি থাকো আমি পরে এসে তোমাকে নিয়ে যাব। পরে তাকে না নিয়ে গেলে পরদিন ১৩ জুলাই রাতে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস ওই বৃদ্ধকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক ছিলেন।