কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা-রেনু পোনাসহ আটক দুই
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা ও ৫ হাজার কেজি সামুদ্রিক মাছসহ দুই ইয়াবা পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। তারা হলেন- মো নুরুল আমিন ও ফয়সাল।
শুক্রবার দুপুর সাড়ে তিনটায় কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যাণ্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফের বিসিজি স্টেশন চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে তাদের আটক করা হয়। তারা দুজনই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।
হায়াত ইবনে সিদ্দিক বলেন, আটক দুজন ও উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার করা সামুদ্রিক মাছ মংস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
এছাড়া অপর এক বিশেষ অভিযানে চট্টগ্রামের সদরঘাট থানার মাঝির ঘাট এলাকা থেকে ৮০ ড্রাম ৪২ লাখ পিস গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করেছে বিসিজি বেইস (চট্টগ্রাম)।
এ সময় চিংড়ি রেণু পোনা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকসহ চালক এবং তার দুই সহকারীকে আটক করা হয়।
হায়াত ইবনে সিদ্দিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা চিংড়ির রেণু পোনা জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ অনুযায়ী কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে। পরবর্তীতে ট্রাক, চালক এবং চালকের সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।