চট্টগ্রামে অভি হত্যায় চার আসামি গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় অভি মীর হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. ইরফান প্রকাশ বাবু, মো. শাহরিয়ার ফারদিন প্রকাশ তুহিন, মো. ইয়াছিন আরাফাত প্রকাশ টিটু ও মো. ইব্রাহিম মুন্না।
ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভি মীর হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন এজাহারনামীয় আসামি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় অপর একজনকেও গ্রেফতার করা হয়।
মোবাইলে উচ্চস্বরে কথা বলা নিয়ে ১৫ জুন রাতে হাজীপাড়া মসজিদ সংলগ্ন ইমরানের গ্যারেজের সামনে অভি মীরের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মো. ইরফান প্রকাশ বাবুসহ অন্যরা মিলে অভি মীরকে ছুরিকাঘাত করে।
পরে ২৪ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভি মীরের।